প্রতিবেদক -মোঃ ইকবাল হোসেন
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন-এর রাঙ্গামাটি জেলা কমিটির প্রথম মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত জেলা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করা, মানবাধিকার সুরক্ষা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিচালক নাসিরুদ্দিন নীরব ও চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক তাহেরা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মাবুদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপায়ন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন ইন্দ্র দত্ত তালুকদার।
এ সময় জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে মহিলা বিষয়ক সম্পাদক জয়া চাকমা, সমাজকল্যাণ সম্পাদক অনিল কুমার চাকমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুকুমার বড়ুয়া, অর্থ সম্পাদক বাঙ্গেশ্বর চাকমা এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বড়ুয়াসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মানবাধিকার রক্ষায় কাজ করার আহ্বান
মতবিনিময় সভায় নবগঠিত জেলা কমিটির সদস্যরা রাঙ্গামাটির অবহেলিত, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধিসহ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতাম ত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মানবাধিকার রক্ষা, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, রাঙ্গামাটিতে নবগঠিত জেলা কমিটির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের অবহেলিত, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও আইনি সহায়তার কার্যক্রম আরও গতিশীল করা হবে। এ কাজে চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে বলেও তিনি জানান।
জেলা ও দায়রা জজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
মতবিনিময় সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ রাঙ্গামাটির যুগ্ম জেলা ও দায়রা জজ এবং চীফ লিগ্যাল এইড অফিসার আমাতুল্লাহ শাহীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় সাধারণ মানুষের আইনগত অধিকার নিশ্চিত করা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তা এবং মানবাধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপুর সঙ্গে মতবিনিময়
পরে সংগঠনের নেতৃবৃন্দ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে রাঙ্গামাটির সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, মানবাধিকার পরিস্থিতি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সঙ্গে মতবিনিময়
এরপর সংগঠনের নেতৃবৃন্দ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় মানবাধিকার সুরক্ষা, সমাজের অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, আইনগত সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভা ও ধারাবাহিক সৌজন্য সাক্ষাতে সংশ্লিষ্টরা রাঙ্গামাটিতে মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।