শিরোনাম

টাঙ্গাইলে পাঁচ দশকের অপেক্ষার অবসান ঘটাতে আসছে তিন সেতু

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
টাঙ্গাইলে পাঁচ দশকের অপেক্ষার অবসান ঘটাতে আসছে তিন সেতু ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে পাঁচ দশকের অপেক্ষার অবসান ঘটাতে আসছে তিন সেতু ছবি: সংগৃহীত
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর মাহমুদনগর, কাতুলী ইউনিয়নের এসডিএস ও হুগড়া ইউনিয়নের কাশিনগর সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

বুধবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্পের মাধ্যমে দেশের ৪৮টি জেলায় ২৫৬টি সেতু নির্মাণ করা হবে। এ প্রকল্পে টাঙ্গাইলের সাতটি সেতু অন্তর্ভুক্ত রয়েছে।

অনুমোদিত সেতুগুলোর মধ্যে সবচেয়ে বড় তিনটি টাঙ্গাইল সদর উপজেলায়। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ মিটার দৈর্ঘ্যের মাহমুদনগর সেতু, কাতুলী ইউনিয়নে ৩২০ মিটার এসডিএস সেতু এবং হুগড়া ইউনিয়নে ২৫০ মিটার কাশিনগর সেতু নির্মাণ করা হবে।

এর মধ্যে মাহমুদনগর ইউনিয়নের প্রায় ২৪টি গ্রামের ৩০ হাজার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেতুটি নির্মাণের। প্রায় ৫৫ বছর ধরে নদী পারাপারে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। বর্ষায় ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় এবং শুকনো মৌসুমে বালুচর পেরিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। সেতুটি নির্মিত হলে টাঙ্গাইল সদর, নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি প্রায় ৩০ কিলোমিটার পথ কমে আসবে।

অন্যদিকে এসডিএস ও কাশিনগর সেতু নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের বিভিন্ন ইউনিয়নের মানুষের যাতায়াত সহজ হবে। উপকৃত হবেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

চরাঞ্চলের মানুষের যোগাযোগ দুর্ভোগ লাঘবের বিষয়টি নির্বাচনি অঙ্গীকার হিসেবে তুলে ধরেছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রকল্প অনুমোদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এদিকে সেতু নির্মাণের প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে টাঙ্গাইল সদরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন জানিয়েছেন, টাঙ্গাইলের সাতটি সেতু একনেকে অনুমোদন পেয়েছে। এর মধ্যে তিনটি টাঙ্গাইল সদরে, দুটি বাসাইলে, একটি সখীপুরে এবং একটি ধনবাড়ীতে।

সেতুগুলো নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL