সেপ্টেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। আগস্ট মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশ।
মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস প্রকাশিত সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। বিবিএসের হিসাবে সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২২ শতাংশে। আগস্টে এ হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ।
অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য কমেছে। সেপ্টেম্বর মাসে এ খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশে। আগস্টে যা ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। গ্রামীণ এলাকায়ও সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। আগস্টের ৮ দশমিক ৩১ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ।
গ্রামীণ এলাকায় খাদ্য খাতে মূল্যস্ফীতি আগস্টের ৭ দশমিক ০১ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৮ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৫৭ শতাংশ হয়েছে। আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ।
শহর এলাকাতেও মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বরে শহরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে। আগস্টে যা ছিল ৮ দশমিক ২০ শতাংশ। শহরে খাদ্য খাতে মূল্যস্ফীতি আগস্টের ৭ দশমিক ০৪ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। বিপরীতে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৯৪ শতাংশে নেমেছে।
এদিকে মূল্যস্ফীতি সামান্য বাড়লেও সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার কমেছে। আগস্টে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯০ শতাংশে।
খাতভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। শিল্প খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ০৭ শতাংশ। অর্থাৎ সেপ্টেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও একই সময়ে মজুরি বৃদ্ধির হার কমেছে।