প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে নিউইয়র্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে তার দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বাংলাদেশ সময় শুক্রবার ভোররাতে নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াতে এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
ঘটনার সময় শামা ওবায়েদ হোটেলটির লিফটে ছিলেন। একই সময়ে বাইরে তার পরিবারের সদস্যরা লিফটে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিক্ষুব্ধ কয়েকজনকে শামা ওবায়েদকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহার করতে দেখা যায়। ভিডিওতে একজনকে তাকে মারধরের কথা বলতেও শোনা যায়। পরিস্থিতি বুঝতে পেরে শামা ওবায়েদের ছেলে এগিয়ে আসেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার মা এইটা।’ এরপর কয়েকজনের সঙ্গে তার ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। ঘটনার শেষ দিকে এক নারীও তার ছেলেকে পেছন থেকে ধাক্কা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। দলীয় প্রধানকে শুভেচ্ছা জানানো ও সাক্ষাৎ করার জন্য বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা হোটেল গ্র্যান্ড হায়াতে জড়ো হন। তবে শেষ পর্যন্ত আয়োজনে বিশৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ তৈরি হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। অল্পসংখ্যক নেতাকর্মী সাক্ষাতের সুযোগ পেলেও অনেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বলে অভিযোগ ওঠে।
এতে দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে নিউইয়র্কে আসা কয়েকজন নেতাকর্মীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভের মধ্যেই শামা ওবায়েদকে ঘিরে হেনস্তার চেষ্টার অভিযোগ সামনে আসে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদল বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছে। ওই প্রতিনিধিদলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও রয়েছেন।