মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ইরানের ব্যাংক মেলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ২৩ সেপ্টেম্বর আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী ব্যাংক মেলি ইরানের সব শাখাকে ইরানের সঙ্গে যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পর্যালোচনায় সংযুক্ত আরব আমিরাতের আইন ও নিয়ন্ত্রক বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে। এর মধ্যে অর্থপাচার প্রতিরোধ, সন্ত্রাসবাদে অর্থায়ন ঠেকানো এবং গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারে অর্থায়ন প্রতিরোধের বাধ্যবাধকতাও রয়েছে। ফলে ব্যাংকটির শাখাগুলোকে ইরানের সঙ্গে বাণিজ্যিক অর্থায়ন, তহবিল স্থানান্তরসহ যেকোনো ধরনের আর্থিক লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ও স্বচ্ছতা বজায় রাখা এবং নিয়ন্ত্রক মানদণ্ড নিশ্চিত করতেই তদারকি আরও জোরদার করা হচ্ছে।
আরও পড়ুন,
- মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর কে ঘিরে শুভেচ্ছা জানিয়ে জাসাস USA'র বিশেষ সংগীত নির্মাণ করা হয়েছে
- নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক
- ব্রুনাই রাষ্ট্রদূতের সঙ্গে ছাত্রপক্ষের বৈঠক
এর আগে আগস্টে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক আদান-প্রদান ও আর্থিক লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। ১৯৬৯ সালে আমিরাতে কার্যক্রম শুরু করা ব্যাংক মেলির দেশটিতে সাতটি শাখা রয়েছে। ব্যাংকটির প্রধান কার্যালয় দুবাইয়ে। ঐতিহাসিকভাবে ইরানের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে সংযুক্ত আরব আমিরাত। তবে ব্যাংক মেলির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিধি আরও সম্প্রসারণের অংশ হিসেবেই আমিরাতের এই পদক্ষেপ কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।