ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ শেষ হলে তেলের দামও দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন তিনি। সোমবার (২৮ সেপ্টেম্বর) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত দ্রুত শেষ হবে এবং ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পাবে না।
ট্রাম্প আরও জানান, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করছেন। তবে সংঘাত অবসানে দুই পক্ষের মধ্যে আলোচনায় এখনো গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে।
ট্রাম্পের বক্তব্যের মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৩২ ডলারে নেমে আসে। মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ বাড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল কিছুটা স্বাভাবিক হওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।
তবে যুদ্ধ দ্রুত শেষ হবে—ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে আলোচনার অগ্রগতি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।