ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘চিন্ময় অমৃত মহোৎসব’ বিশ্ব সম্মেলনের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে প্রয়াত আধ্যাত্মিক নেতা স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অ্যাভাটারের সঙ্গে কথোপকথন করেন তিনি। এ সময় ১৯৯৩ সালে চিন্ময়ানন্দের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করেন ভারতের প্রধানমন্ত্রী।
হলোগ্রাফিক অ্যাভাটারের সঙ্গে কথোপকথনের সময় মোদি তাঁর ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য চিন্ময়ানন্দের আশীর্বাদ প্রার্থনা করেন। তিনি বলেন, তাঁর সঙ্গে দেখা হওয়া নিজের জন্য বড় সৌভাগ্যের বিষয়। বর্তমানে যেসব কাজ করতে চান, সেগুলোর জন্য তিনি আশীর্বাদ চান বলেও জানান মোদি। জবাবে হলোগ্রাফিক অ্যাভাটারটি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে দেখে আনন্দ প্রকাশ করে এবং তাঁকে সমর্থনের বার্তা দেয়। এ সময় বলা হয়, ‘ভারত আপনার সঙ্গে আছে, নরেন্দ্র।’
সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই আয়োজনকে অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন মোদি। সাধুদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এটি তাঁর জন্য ভিন্ন ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা। একই সঙ্গে একে সাধুদের আশীর্বাদ হিসেবেও উল্লেখ করেন তিনি। চিন্ময় মিশনের ভূমিকা তুলে ধরে মোদি বলেন, এটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং চিন্ময় বিচারের প্রতিনিধিত্ব করে।
প্রযুক্তির ব্যবহার এই অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তুলেছে বলেও মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, হলোগ্রামের মাধ্যমে চিন্ময়জির উপস্থিতি দেখে তাঁর মনে হয়েছে, যেন তিনি ৩৩ বছর আগের সময়ে ফিরে গেছেন। প্রয়াত আধ্যাত্মিক নেতার স্মৃতি, আশীর্বাদ এবং তাঁর সঙ্গে অতীতের সাক্ষাতের অভিজ্ঞতাকে কেন্দ্র করে আয়োজিত এই সম্মেলনে প্রযুক্তি ও আধ্যাত্মিকতার এক ব্যতিক্রমী মেলবন্ধন দেখা গেছে।