ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় নগরজুড়ে বাসিন্দাদের নিরাপত্তায় জরুরি সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।
মঙ্গলবার ২০ অক্টোবর রিয়াদকে লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনার আগে রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ থেকে নাগরিকদের মুঠোফোনে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। একই সঙ্গে বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলতে এবং সতর্ক অবস্থানে থাকতে আহ্বান জানানো হয়।
এদিকে রাজধানী রিয়াদের বিভিন্ন এলাকায় বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
তবে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ঘটনা এবং বিস্ফোরণের শব্দ ঘিরে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সৌদি আরবের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে রাজধানী রিয়াদে এ ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি মোকাবিলায় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
সূত্র: আল-জাজিরা।