অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, এনবিআরের দাবি করা কর পরিশোধ না করার জন্য গ্রামীণ কল্যাণের দায়ের করা রিটের ওপর জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। একই সঙ্গে তিন অর্থবছরে প্রতিষ্ঠানটিকে মোট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে এনবিআরের করা কর দাবিই বহাল থাকল। আদালতের এ রায়ের পর প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট তিন অর্থবছরের জন্য নির্ধারিত ওই কর পরিশোধ করতে হবে।
তবে কোন কোন অর্থবছরের জন্য এই কর দাবি করা হয়েছে এবং করের মূল অর্থ, সুদ বা অন্যান্য হিসাব কীভাবে নির্ধারণ করা হয়েছে—রায়ের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এদিকে, কর সংক্রান্ত এ মামলায় গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এনবিআরের দাবির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট সেই রিটের রুল খারিজ করে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন।
রায়ের বিস্তারিত তথ্য ও পূর্ণাঙ্গ আদেশ প্রকাশের পর এ বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।