প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বুধবার বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত থাকবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেসসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বিশেষ সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য ও তথ্য তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।
তবে সংবাদ সম্মেলনে কোন কোন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সংবাদ সম্মেলনকে ঘিরে গণমাধ্যমকর্মীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।