আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন।
সম্প্রতি সংশোধিত ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ৩২ নম্বর বিধির উপ-বিধি ১ ও ২-এ নতুন করে এই বিধান যুক্ত করা হয়েছে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড কিংবা লিখিত প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী অথবা তাঁর নির্বাচনি এজেন্ট আচরণবিধি লঙ্ঘন করেছেন কিংবা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে।
এ ছাড়া তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন যদি নিশ্চিত হয় যে, কোনো প্রার্থী, তাঁর নির্বাচনি এজেন্ট কিংবা প্রার্থীর নির্দেশে বা প্রত্যক্ষ-পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন অথবা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে লিখিত আদেশের মাধ্যমে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।
সংশোধিত বিধিমালায় নির্বাচন কমিশনের এই নতুন ক্ষমতার ফলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় প্রার্থীদের বিরুদ্ধে সরাসরি প্রার্থিতা বাতিলের ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হলো।