স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর আজ তিনি প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন। এরপর তাঁর কর্মসূচিতে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন। উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম বঙ্গভবন থেকেই পরিচালনা করবেন। তবে তিনি বাসভবন হিসেবে সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন। রাষ্ট্রীয় দায়িত্বের প্রথম কর্মদিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তিনি তাঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আরও কয়েকটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের।