বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা, জবাবদিহি এবং সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যেই এই লটারিভিত্তিক বদলি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আট বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সিভিলদের পদায়নের স্থান ও শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম পুরো কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন।
লটারির মাধ্যমে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৩১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। মো. সারোয়ার আলম বলেন, লটারিভিত্তিক বদলির ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি আধুনিক পদ্ধতির সূচনা হলো।
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, এ ধরনের উদ্যোগ প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ইলেক্ট্রোমেকানিক্যাল শাখার উপ-সহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে।