জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডকুমেন্টারি প্রদর্শনের পরপরই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের একাংশ প্রতিবাদ শুরু করেন। তাদের অভিযোগ, প্রদর্শিত ডকুমেন্টারিতে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন অধ্যায় যথাযথভাবে তুলে ধরা হয়নি। একপর্যায়ে মিলনায়তনে হট্টগোল শুরু হলে পরিস্থিতি শান্ত করতে প্রথমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
পরিস্থিতির উন্নতি না হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। মঞ্চে উঠে আখতার হোসেন বলেন, ডকুমেন্টারিতে থাকা অসংগতি তাদের নজরে এসেছে এবং বিষয়টি সরকারকে জানানো হবে। তার অভিযোগ, ৩ আগস্টের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ডকুমেন্টারিতে একেবারেই তুলে ধরা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাওয়া হবে বলেও জানান তিনি।
একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে অনুষ্ঠানের পরিবেশ শান্ত রাখার আহ্বান জানান আখতার হোসেন। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আবারও মঞ্চে এসে ডকুমেন্টারির অসম্পূর্ণতার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উপস্থিত সবার কাছে ক্ষমা চান। তিনি জানান, শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের নিয়ে ডকুমেন্টারিটি পুনর্মূল্যায়ন করা হবে। তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন এবং জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, আত্মত্যাগ ও প্রেক্ষাপট এতে সংযোজন করা হবে।
এ ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং অনুষ্ঠানের বাকি কার্যক্রম যথারীতি অনুষ্ঠিত হয়। তবে পরে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার সময়ও ডকুমেন্টারি নিয়ে একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অনুমতি নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি অডিটোরিয়াম ত্যাগ করেন।