শিরোনাম

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বিকেল ৩টা থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বিকেল ৩টা থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা ছবি: সংগৃহীত
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বিকেল ৩টা থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা ছবি: সংগৃহীত

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ—ডিএমপি। বৃহস্পতিবার ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরুর সই করা গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে।

নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা এবং রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বিকল্প সুবিধাজনক সড়ক ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

অন্যদিকে হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট, ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং, ফকিরাপুল ক্রসিং, শাপলা চত্বর হয়ে ইত্তেফাক রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, সাময়িক এই ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তাই নগরবাসীকে নির্ধারিত নির্দেশনা মেনে চলার এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL