জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর চলতি সপ্তাহেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। পে স্কেল নিয়ে একটি নয়, একাধিক প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি। সোমবার প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, নতুন বেতন স্কেলের কয়েকটি বিষয় আইনগত ভেটিং শেষে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার বা এসআরও আকারেও জারি করা হবে।
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হতে পারে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা নয়, বেশ কয়েকটা হবে।’ তিনি বলেন, সর্বশেষ ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল দেওয়া হয়েছিল। এরপর প্রায় ১২ বছর ধরে সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল হয়নি।
মন্ত্রিপরিষদসচিব জানান, জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অর্থ বিভাগ প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা জারি করবে। এসব নির্দেশনায় বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী অন্যান্য সুবিধাসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর বিস্তারিত বিধান থাকবে।
অনুমোদিত নতুন বেতন স্কেল যথাযথভাবে বাস্তবায়নে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হবে। ফলে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারির অপেক্ষায় থাকা সরকারি কর্মচারীদের জন্য চলতি সপ্তাহেই আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা।