শিরোনাম

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি ছবি: সংগৃহীত
ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি ছবি: সংগৃহীত

ভাদ্রের মাঝামাঝি সময়ে বৃষ্টির প্রবণতা কমে দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে তাপমাত্রা। তীব্র গরমের সঙ্গে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে সারাদেশে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। এর সঙ্গে বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়ায় দুর্ভোগ আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হওয়ার আশঙ্কা নেই। আগামীকাল রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে গরমের অনুভূতিও কমতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি সাময়িক। রোববার থেকেই তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী ১ সেপ্টেম্বরের দিকে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

৩০ আগস্ট খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩১ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ১ সেপ্টেম্বরও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে শরীর থেকে ঘামের মাধ্যমে তাপ বের হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফলে থার্মোমিটারে যে তাপমাত্রা থাকে, তার চেয়ে বেশি গরম অনুভূত হয়। বর্তমানে তাপমাত্রার সঙ্গে উচ্চ আর্দ্রতাই ভ্যাপসা গরমের অন্যতম কারণ।

বিষয়:

গরম
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL