গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাংবাদিক সমাজ তীব্র আর্থিক সংকটে রয়েছে। ২০১৯ সালে ঘোষিত নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদও অনেক সংবাদমাধ্যম এখনো বাস্তবায়ন করেনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের বেতন সম্প্রতি ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। একইভাবে যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের বেতনও বাড়াতে হবে এবং দ্রুত দশম ওয়েজ বোর্ড ঘোষণা করতে হবে।
তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বর্তমান বেতন দিয়ে সাংবাদিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমনকি দীর্ঘদিন সাংবাদিকতা করা অনেক সিনিয়র সাংবাদিকও চিকিৎসা ও শেষকৃত্যের ব্যয় বহন করতে পারছেন না। কাদের গনি চৌধুরী আরও বলেন, সাংবাদিকদের জন্য অবিলম্বে দশম ওয়েজ বোর্ড ঘোষণা ও কার্যকর করার পাশাপাশি মালিকদেরও ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করতে হবে। অন্যথায় অধিকার আদায়ে সাংবাদিক সমাজ রাজপথে আন্দোলনে নামবে।
সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। সাংবাদিক নেতারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার সাংবাদিকদের আর্থিক সংকট বিবেচনায় নিয়ে দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণায় কার্যকর উদ্যোগ নেবে।