আগামী পাঁচ বছরের মধ্যে রাজধানীর কামরাঙ্গীরচরকে একটি সুন্দর ও পরিকল্পিত শহরে রূপান্তর করা হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। মঙ্গলবার কামরাঙ্গীরচরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। কামরাঙ্গীরচরের সম্ভাবনার কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, বিশ্বের অনেক শহর একসময় ময়লা-আবর্জনায় বিপর্যস্ত ছিল। পরে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে সেসব শহরকে সুন্দর করে গড়ে তোলা হয়েছে। একইভাবে সঠিক মাস্টারপ্ল্যান এবং সবার সহযোগিতা পেলে কামরাঙ্গীরচরকেও আধুনিক ও পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা সম্ভব।
তিনি বলেন, কামরাঙ্গীরচরের যাত্রা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে শুরু হলেও এখানকার মানুষের সহযোগিতা এবং পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এলাকার চিত্র বদলে দেওয়া সম্ভব। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, তোমরা সবাই এক একটি ফুটন্ত ফুল। তোমাদের মেধা ও সুবাসেই আগামী দিনে কামরাঙ্গীরচর আলোকিত হয়ে উঠবে।
শিক্ষার্থীদের সৎ ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি নিজেদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে কামরাঙ্গীরচরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।