ঢাকার কেরানীগঞ্জ এলাকায় জনদুভোগ লাঘব, যানজট নিরসন এবং ট্রাফিক চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ প্রশাসন। সোমবার বিকেলে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কেরাণীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে অস্থায়ী দোকানপাট, ভ্যান ও নানা স্থাপনা গড়ে তুলেছিলেন কিছু অসাধু ব্যবসায়ী ও দখলদার। এর ফলে সাধারণ পথচারী ও যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল এবং প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানের সময় পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে দেন। পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য সংশ্লিষ্টদের কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়। জনস্বার্থে প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে সাধারণ পথচারী ও স্থানীয় সচেতন মহলের অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার জনশৃঙ্খলা বজায় রাখা এবং দখলদারদের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।