সংবাদ শিরোনামঃ

জবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ঘিরে সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ঘিরে সংঘর্ষ ছবি: সংগৃহীত
জবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ঘিরে সংঘর্ষ ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে জকসু, ইসলামী ছাত্রশিবির, ছাত্রশক্তিসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জকসুর প্রতিনিধিরা।

জকসুর পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, আইনবিষয়ক সম্পাদক ফারুক, জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া এবং সাধারণ সম্পাদক ফেরদৌস শেখসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি প্ল্যাকার্ডে তুলে ধরা হয়।

এসব দাবি ইউজিসি চেয়ারম্যানের সামনে তুলে ধরতেই জকসুর প্রতিনিধিরা প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এ সময় তাদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে জকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। পরে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা এবং হামলার অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ কয়েকজন অডিটোরিয়ামে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দিচ্ছেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানকেও ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। ভিডিওতে ছাত্রদল নেতা হিমেলকে বলতে শোনা যায়, ‘এই দরজা বন্ধ করো। দ্রুত গেট আটকাও।’ এরপর গেট বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার পর অডিটোরিয়ামের সামনে ছেঁড়া প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন জকসুর নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল। জকসু নেতাদের অভিযোগ, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ইউজিসি চেয়ারম্যানের সামনে শান্তিপূর্ণভাবে তুলে ধরতেই তারা প্ল্যাকার্ড প্রদর্শন করতে চেয়েছিলেন। কিন্তু তাদের কর্মসূচিতে বাধা দিয়ে প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা এবং হামলা করা হয়েছে।

এ ঘটনায় জকসু জিএস আব্দুল আলিম আরিফ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ এখন নজরদারিতে রয়েছে।

বিষয়:

সংঘর্ষ জবি
এলাকার খবর

সম্পর্কিত