২০২৪ সালে মুক্তি পাওয়া বিজয় সেতুপতি অভিনীত মহারাজা সিনেমা ভারতসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে চীনে সিনেমাটি দর্শকদের মধ্যে ভালো সাড়া পায় এবং বক্স অফিসেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। এবার সেই আলোচিত সিনেমার দ্বিতীয় কিস্তি মহারাজা ২ নিয়ে এলো নতুন খবর। বিজয় সেতুপতি নিশ্চিত করেছেন সিক্যুয়েলটির কাজ চলছে। এরই মধ্যে পরিচালক নিথিলান সামিনাথান তাকে মহারাজা ২-এর গল্প শুনিয়েছেন।
নিজের আসন্ন সিনেমা বাথা-র অডিও প্রকাশনা অনুষ্ঠানে সেতুপতি পরিচালকের লেখনীর প্রশংসা করেন। তিনি জানান, মহারাজা ২-এর গল্প তাকে মুগ্ধ করেছে এবং নির্মাতা নিথিলান সামিনাথানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ছিল অসাধারণ। ২০২৪ সালে মুক্তি পাওয়া মহারাজা ছিল একটি নিও-নোয়া থ্রিলার। একজন নাপিতকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প। প্রায় ২০ কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১৯০ কোটি টাকা আয় করে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মহারাজার এমন সাফল্য নিয়ে সেতুপতি বলেন, সিনেমাটি এতটা দূর পর্যন্ত যাবে বলে তারা কখনো ভাবেননি। ছবিটির প্রতি তার আস্থা থাকলেও এত বড় সাফল্যের প্রত্যাশা করেননি তিনি। এদিকে আন্তর্জাতিক সাফল্যের পর মহারাজার হলিউড রিমেকের পথও তৈরি হয়েছে। প্রযোজক সুধন সুন্দরম জানিয়েছেন, একটি এজেন্সি সিনেমাটির হলিউড রিমেকের স্বত্ব কিনে নিয়েছে।
এই খবর শুনে হলিউড সংস্করণে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন বিজয় সেতুপতি। এমনকি পারিশ্রমিক ছাড়াই রিমেকটিতে অভিনয় করতে রাজি বলেও জানিয়েছেন তিনি। হলিউডে কাজ করার ব্যাপারে দীর্ঘদিন ধরেই আগ্রহ রয়েছে সেতুপতির। তবে রিমেকে কারা অভিনয় করবেন তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। বিভিন্ন প্রতিবেদনে প্রধান চরিত্রের সম্ভাব্য অভিনেতা হিসেবে ম্যাথু ম্যাককনাহির নাম উঠে এলেও বিষয়টি নিশ্চিত করেননি প্রযোজক।
মহারাজা সিনেমায় বিজয় সেতুপতির পাশাপাশি অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ মমতা মোহনদাস ন্যাটি সুব্রামানিয়াম ও সচনা নামিদাস। সিনেমাটি পরিচালনা করেছেন নিথিলান সামিনাথান।