শিরোনাম

গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ছবি: সংগৃহীত
গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে একই এলাকায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার রাতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের গুলশান থানা আয়োজিত এই বিক্ষোভ ও সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, সরকার বিচারে শিথিলতা দেখানোর কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে।

জামায়াত নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ গতকাল শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মিছিল করেছে। এর মধ্যে গুলশানে মিছিলের ঘটনায় ২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, যারা শত শত মায়ের বুক খালি করেছে, যারা দেশে আয়নাঘর সৃষ্টি করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে এবং গণতন্ত্রের কবর রচনা করেছে—তাদের বাংলাদেশে ঠাঁই হতে পারে না।

প্রশাসনের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, গুলশানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় নিষিদ্ধ সংগঠনের লোকেরা কীভাবে মিছিল করার সুযোগ পেল। এ ঘটনায় সরকারের জবাবদিহি দাবি করে তিনি বলেন, বিচার নিয়ে তালবাহানা করা হলে রাজপথে নামবে জামায়াত। বিক্ষোভ মিছিলে গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান, ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম এবং গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আযাদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে পাল্টা এই কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীর রাজনীতিতে আবারও উত্তাপ ছড়ানোর ইঙ্গিত মিলছে।

বিষয়:

বিক্ষোভ
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL