দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ তুলে রাতেই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলি ও সংগঠনের অবস্থান তুলে ধরতে রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলনেরও ডাক দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ৮টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। এ ছাড়া রাত ৯টায় পুরানা পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ, সাম্প্রতিক পরিস্থিতি এবং এ বিষয়ে তাদের সাংগঠনিক অবস্থান তুলে ধরা হবে।
ছাত্রশিবিরের দাবি, গতরাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মসূচিতে ছাত্রদলের হামলার পর মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। তবে এসব হামলার অভিযোগের বিষয়ে ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রসংগঠনগুলোর আধিপত্য বিস্তার, কর্মসূচি পালন এবং সাংগঠনিক কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হচ্ছে।
বিভিন্ন সময়ে ছাত্রশিবির, ছাত্রদলসহ অন্যান্য ছাত্রসংগঠন একে অপরের বিরুদ্ধে হামলা, কর্মসূচিতে বাধা এবং রাজনৈতিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করে আসছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এখন ছাত্রশিবিরের বিক্ষোভ ও জরুরি সংবাদ সম্মেলন থেকে কী ধরনের কর্মসূচি বা বক্তব্য আসে, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।