গণতন্ত্রকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালনে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা চান।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদকে কার্যকর করতে চান তারা। সংসদীয় কার্যক্রমের মূল কেন্দ্র হিসেবে সংসদকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তবে এজন্য সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ভালো কাজে সরকারকে সহযোগিতা করা হবে। আর জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক বিরোধিতা করা হবে। মতবিনিময় সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংসদে বিরোধী দলের ভূমিকা, আন্তর্জাতিক ভূরাজনীতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সম্পাদকরা বিরোধী দলকে সহিংস বা অস্থিতিশীল কোনো পথে না গিয়ে জনগণের দাবি নিয়ে গঠনমূলকভাবে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, জনগণের স্বার্থে প্রয়োজন হলে আন্দোলন করা যাবে, তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ। একইসঙ্গে গণমাধ্যমের মাধ্যমে সত্য তুলে ধরতে সম্পাদকদের সহযোগিতা কামনা করা হয়েছে। মিয়া গোলাম পরওয়ার আরও জানান, সংসদে বিরোধী দলের এমপিদের বরাদ্দ, বিল-বণ্টন এবং বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের বিষয়ও আলোচনায় এসেছে। পাশাপাশি বিদ্যুৎ-গ্যাস সংকট, দ্রব্যমূল্য, প্রবাসীদের অধিকার এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় হয়।
গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। জনগণের রায়ের সঙ্গে থাকার কথা পুনর্ব্যক্ত করে প্রয়োজনে সংসদের বাইরে জনগণের সঙ্গে অবস্থানের কথাও বলেন জামায়াতের এই নেতা। মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। জামায়াতের শীর্ষ নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।