সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ যুগান্তর ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত ছবি: বাংলাদেশ যুগান্তর
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত ছবি: বাংলাদেশ যুগান্তর

বিজ্ঞানভিত্তিক শিক্ষা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলী বাজার সংলগ্ন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে 'বার্ষিক বিজ্ঞান মেলা-২০২৬'। প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি নানা বৈজ্ঞানিক মডেল ও প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে।

শনিবার সকালে মাদ্রাসার গ্রাউন্ড ফ্লোরে এই মেলার উদ্বোধন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মু. মঈন উদ্দিন সরকার মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেস দ্যা পিপল-এর সম্পাদক সাইফুর রহমান সাগর, দ্য ডেইলি মুসলিম টাইমস-এর প্রধান সম্পাদক আব্দুল খালেক খন্দকার, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও মাদ্রাসার তত্ত্বাবধায়ক আলহাজ কাজী হযরত আলী, মেট্রোরেলের সাবেক চিফ ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ, ডুমনি নুরপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. বরকত উল্লাহ, মিয়া বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান, নুরুল ইসলাম দাতব্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. কাজী আলমগীর হোসেন, জাস্টিস এইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব ও মাদ্রাসার মিডিয়া বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসাইন রাজু, কবি ও সাংবাদিক মুহাম্মদ মাসুম বিল্লাহ, ডিএমপির এসবি শাখার হামিদুজ্জামান রানা এবং এসআই মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরাফাত হোসাইন।

মেলায় প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের তৈরি মোট ১০টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শিত হয়। প্রদর্শনীর মধ্যে ছিল সৌরজগতের মডেল, পানি চক্র, পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা, গ্রিন হাউস মডেল, এসিড বৃষ্টির প্রভাব, পৃথিবীর গঠন ও আগ্নেয়গিরির মডেল, পানি সংরক্ষণ, ডেস্কটপ কম্পিউটারের বিভিন্ন অংশের প্রদর্শনী, রোবোটিক্স এবং ল্যাবরেটরি যন্ত্রপাতির প্রদর্শনী। ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থাপনা ও প্রকল্পগুলো দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।

সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া মেলা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। এ সময় অভিভাবক, এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ ছিল মুখর। বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রকল্পের কার্যকারিতা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করে, যা উপস্থিত দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। মেলার শেষ পর্বে অনুষ্ঠিত হয় সীরাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

সমাপনী বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মু. মঈন উদ্দিন সরকার মাদানী বলেন, "যে সকল অতিথি, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী আমাদের বিজ্ঞান মেলায় অংশ নিয়ে উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা চাই বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসাকে দেশের একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। ভবিষ্যতেও প্রতিবছর আরও বৃহৎ পরিসরে এই বিজ্ঞান মেলার আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

আয়োজকদের মতে, বিজ্ঞানচর্চা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত