হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর এনসিপি।
মঙ্গলবার রাত ৯টায় নগরীর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্যসচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলমগীর নয়ন এবং জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি। সমাবেশে বক্তারা হবিগঞ্জের হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তারা অভিযোগ করেন, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। বক্তারা বলেন, হামলা, ভয়ভীতি বা সন্ত্রাসের মাধ্যমে মানুষের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার দমন করা যাবে না।
বক্তারা আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।