সংবাদ শিরোনামঃ

মার্কিন হামলা হলে পুরো অঞ্চল ‘প্রস্তর যুগে’ ফিরবে: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মার্কিন হামলা হলে পুরো অঞ্চল ‘প্রস্তর যুগে’ ফিরবে: ইরানের হুঁশিয়ারি ছবি: সংগৃহীত
মার্কিন হামলা হলে পুরো অঞ্চল ‘প্রস্তর যুগে’ ফিরবে: ইরানের হুঁশিয়ারি ছবি: সংগৃহীত

সম্ভাব্য মার্কিন হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে আবারও কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেছেন, ইরানের ওপর হামলা হলে এর জবাব শুধু হামলার উৎসে সীমাবদ্ধ থাকবে না; পুরো অঞ্চলকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট সদস্য ও জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজায়ি বলেন, যেখান থেকেই হামলা চালানো হোক, ইরান সেখানকার সামরিক ঘাঁটি ও হামলার উৎসস্থলকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে।

তিনি যুক্তরাষ্ট্রকে ‘বোকামি না করার’ পরামর্শ দিয়ে বলেন, ইরানে হামলা হলে পুরো অঞ্চল ও এর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বড় ধরনের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এর আগে ইরানের শীর্ষ নেতৃত্বও দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলো লক্ষ্য করার হুঁশিয়ারি দিয়েছিল।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকি ও নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালির অবরোধ আরও কঠোর করবে তেহরান। একই সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রণালি ও সমুদ্রপথও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে তিনি বলেন, এমন পরিস্থিতির মূল্য দিতে হবে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং মার্কিন নাগরিকদের।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই পথে একসময় বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও এলএনজি পরিবহন করা হতো। ফলে প্রণালিটি দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের দামের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। এদিকে লোহিত সাগরেও নতুন করে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। ইরানের মিত্র ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিভিন্ন তৎপরতায় ওই অঞ্চলে জাহাজ চলাচল আরও ঝুঁকির মুখে পড়েছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে বড় ধরনের চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

বিষয়:

সতর্ক
এলাকার খবর

সম্পর্কিত