ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মাঝপথে সামরিক কাঠামোয় বড় ধরনের সংস্কার এনেছে রাশিয়া। এর অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনীতে নতুন করে ‘আনম্যানড সিস্টেমস ফোর্সেস’ বা চালকবিহীন যান বাহিনী গঠন করা হয়েছে। নতুন এই বাহিনীর প্রধান হিসেবে ডেনিস লিয়ামিনকে নিয়োগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নতুন বাহিনীটির প্রধান দায়িত্ব হবে ড্রোনযুদ্ধ পরিচালনা ও সমন্বয় করা। ইউক্রেন যুদ্ধের বর্তমান পর্যায়ে ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সামরিক কাঠামোয় আলাদা এই শাখা গঠন করেছে মস্কো। বর্তমানে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রজুড়ে রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষই ড্রোন ব্যবহার করছে। শুধু সম্মুখযুদ্ধ নয়, সমুদ্রপথ এবং প্রতিপক্ষের ভূখণ্ডের গভীরে থাকা জ্বালানি স্থাপনা, গুদাম ও অন্যান্য কৌশলগত লক্ষ্যবস্তুতেও ড্রোন হামলা চালানো হচ্ছে।
এর আগে ইউক্রেনও দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে আলাদা ‘দূরপাল্লার আঘাত হানার’ কমান্ড গঠনের ঘোষণা দেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বৈঠকে পুতিন ডেনিস লিয়ামিনকে নতুন বাহিনীর দায়িত্ব দ্রুত বুঝে নিয়ে বাহিনী গঠনের কাজ শেষ করার নির্দেশ দেন। তাঁকে এই দায়িত্বের জন্য অন্যতম যোগ্য বিশেষজ্ঞ হিসেবেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।
ডেনিস লিয়ামিন এর আগে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ‘সেন্টার’ গ্রুপ অব ফোর্সেসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্যাংক কমান্ড স্কুলে পড়াশোনা করা লিয়ামিন স্থলবাহিনী থেকে উঠে এসেছেন। পুতিনের ভাষ্য অনুযায়ী, দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি দখলের লক্ষ্যে ‘সেন্টার’ গ্রুপ রাশিয়ার সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
একই বৈঠকে রুশ সামরিক বাহিনীতে আরও কয়েকটি রদবদলের ঘোষণা দেওয়া হয়। ‘সেন্টার’ গ্রুপের সাবেক কমান্ডার ভ্যালেরি সলোদচুককে সামরিক বাহিনীর সামগ্রিক রসদ সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন আন্দ্রেই ইভানায়েভ, যিনি এতদিন ‘ইস্টার্ন’ গ্রুপ অব ফোর্সেসের দায়িত্বে ছিলেন।