প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও তিন দেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নতুন করে এই সেবার আওতায় আসছে হংকং, স্পেন ও জার্মানি। এসব দেশে কার্যক্রম শুরু হলে নির্বাচন কমিশনের হিসাবে সরাসরি এনআইডি সেবা চালু থাকা দেশের সংখ্যা দাঁড়াবে ২০টিতে। তবে সুইডেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নরওয়ে ও ফিনল্যান্ডের প্রবাসীরাও সেবা পাওয়ায় সব মিলিয়ে ২২টি দেশের বাংলাদেশি এ কার্যক্রমের আওতায় আসবেন।
ইসি সূত্র জানায়, হংকংয়ে এনআইডি সেবা চালুর প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের একটি কারিগরি দল সেখানে গেছে। প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম উদ্বোধন করতে হংকং সফর করছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সফরকালে তিনি সেখানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে ভোটাধিকার, ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা নিয়ে বৈঠক করবেন।
এদিকে জার্মানি ও স্পেনেও সেবা চালুর প্রস্তুতি চলছে। বুধবার জার্মানি এবং আগামী ৪ ডিসেম্বর স্পেনে পৃথক কারিগরি দল যাওয়ার কথা রয়েছে।
বর্তমানে বিশ্বের ১৭টি দেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এনআইডি কার্যক্রম চালু রয়েছে। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইন।
ইসির তথ্য অনুযায়ী, বিশ্বের ১৬০টি দেশে প্রবাসী বাংলাদেশি থাকলেও ৪০টি দেশে তাঁদের সংখ্যা তুলনামূলক বেশি। এসব দেশে বসবাস করছেন এক কোটি ৪০ লাখের বেশি বাংলাদেশি। সবচেয়ে বেশি রয়েছেন সৌদি আরবে, প্রায় ৪০ লাখ ৫০ হাজার। আর সবচেয়ে কম নিউজিল্যান্ডে, প্রায় ২ হাজার ৫০০ জন।
তবে পরিকল্পনায় থাকলেও ফ্রান্সে এখনো এনআইডি সেবা চালু করতে পারেনি নির্বাচন কমিশন। দূতাবাসের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় সেখানে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চালু হয়েছিল। ‘পোস্টাল ভোটিং বিডি’ ও অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী নিবন্ধন করে এনআইডি পান। তাঁদের মধ্যে ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, প্রবাসীদের দীর্ঘদিনের ভোটাধিকার নিশ্চিত করার দাবিকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে আরও দেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।