শিরোনাম

কেরানীগঞ্জে নজরুলবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবদুর রহমান মোল্লা, ​স্টাফ রিপোর্টার:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কেরানীগঞ্জে নজরুলবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলাদেশ যুগান্তর
কেরানীগঞ্জে নজরুলবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলাদেশ যুগান্তর

​নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ​সোমবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, একাডেমিক শিক্ষা কর্মকর্তা হালিমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল সাত্তার বেগ, সমাজসেবা কর্মকর্তা শিবলী জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাইবুর রহমান ও নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মালেক মিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সংস্কৃতিজন, শিক্ষানুরাগী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

​আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, বহুমুখী সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদানের ওপর বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বিদ্রোহী কবির সাম্য, মানবতাবাদ ও দ্রোহের চেতনা নতুন প্রজন্মের মাঝে সঠিকভাবে ছড়িয়ে দিতে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কবিতা আবৃত্তি, সংগীত ও নজরুল পাঠসহ বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে উদ্দীপনামূলক পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, জাতীয় নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে ঘোষিত এই দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ৩১ আগস্ট থেকে শুরু হয়েছে এবং আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL