শিরোনাম

ঢাকা উত্তর-দক্ষিণসহ ১৩ সিটিতে সম্ভাব্য মেয়র প্রার্থী চূড়ান্ত

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঢাকা উত্তর-দক্ষিণসহ ১৩ সিটিতে সম্ভাব্য মেয়র প্রার্থী চূড়ান্ত ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর-দক্ষিণসহ ১৩ সিটিতে সম্ভাব্য মেয়র প্রার্থী চূড়ান্ত ছবি: সংগৃহীত

১৩টি সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থানীয় জামায়াতের সুপারিশ ও দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এসব সিটিতে সম্ভাব্য মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রাখা হয়েছে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে। পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ এবং ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির মাধ্যমে এরই মধ্যে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতি দেখিয়েছেন তিনি।

ঢাকা দক্ষিণে জামায়াতের প্রথম পছন্দ ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তরুণ ভোটারদের সমর্থন পাওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। চট্টগ্রাম সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কাউন্সিলর।

বরিশালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলালকে মেয়র প্রার্থী করা হয়েছে। খুলনায় আলোচনায় রয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা মহানগর আমির মাহফুজুর রহমান। রংপুরে সম্ভাব্য প্রার্থী মহানগর আমির এটিএম আজম খান। আর গাজীপুরে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত।

নারায়ণগঞ্জে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বার এবং রাজশাহীতে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মেয়র পদে মনোনীত করা হয়েছে। এ ছাড়া কুমিল্লায় মোসলেহ উদ্দিন, সিলেটে মাওলানা লোকমান আহমদ এবং ময়মনসিংহে অধ্যাপক শহীদুল্লাহ কায়সারকে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য সিগন্যাল দেওয়া হয়েছে।

নতুন গঠিত ২১ ওয়ার্ডের বগুড়া সিটি করপোরেশনেও প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। সেখানে সরকারি আজিজুল হক কলেজের সাবেক জিএস আ.খ.ম. আব্দুল মালেককে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। ১৩ সিটিতে একক লড়াইয়ের এই প্রস্তুতির মধ্য দিয়ে আসন্ন সিটি নির্বাচনে নিজেদের সাংগঠনিক শক্তি ও ভোটের মাঠে প্রভাব বাড়ানোর লক্ষ্যেই এগোচ্ছে জামায়াতে ইসলামী।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL