রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেয়নি সিলেট মহানগর বিএনপি। মঙ্গলবার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে সিলেটে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।
তবে অনুষ্ঠানে যোগ দেননি বিএনপির কয়েকজন সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অনেক নেতা। দলীয় নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ না করে অনুষ্ঠান আয়োজন এবং অনেক নেতাকর্মীকে যথাযথভাবে আমন্ত্রণ না জানানোর অভিযোগে সিলেট মহানগর বিএনপি অনুষ্ঠানটি বয়কট করে।
মহানগর বিএনপির নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতির সফর বা তার কর্মসূচির বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। মূলত নাগরিক সংবর্ধনার আয়োজন ও আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ থেকেই তারা অনুষ্ঠানে অংশ নেননি। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না। তাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি।
সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী অভিযোগ করেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠান বয়কট করেছে। দলীয় সূত্রে জানা গেছে, সংবর্ধনায় অনুপস্থিত নেতাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ নেতা এবং সংসদ সদস্য রয়েছেন।
এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। এরপর হজরত শাহজালাল ও হজরত শাহপরান রহ.-এর মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি।