সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির হাইকমিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে একটি শুভেচ্ছাপত্র দেশটির হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের হাতে তুলে দেন। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল সিঙ্গাপুর হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মিশেল লির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মিয়া গোলাম পরওয়ার সিঙ্গাপুরের সরকার ও জনগণের শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মোহাম্মদ মাবরুর। সিঙ্গাপুর ২০২৬ সালে স্বাধীনতার ৬১ বছর পূর্তি উদযাপন করছে। দেশটির জাতীয় দিবস ৯ আগস্ট পালিত হয়।