মাত্র ১১ দিনের ব্যবধানে নিজের হাতে গড়া প্রতিষ্ঠান এনভিডিয়ায় আবারও ফিরেছেন জেনসেন হুয়াং। পদত্যাগের সিদ্ধান্ত পাল্টে তাকে প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের পরিচালক পদে পুনর্বহাল করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, গত ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। তবে তার পদত্যাগের পেছনে সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে।
পরে পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংয়ের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর সর্বসম্মতিক্রমে তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। পর্ষদের দাবি, জেনসেন তাদের কাছে সব বিষয় অকপটে স্বীকার করেছেন। প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই এখনো সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বলে মনে করছে পরিচালনা পর্ষদ।
এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, পুনর্বহালের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মার্কিন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে সি জোনস বলেন, প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার জন্য জেনসেনই সঠিক ব্যক্তি। তার প্রত্যাবর্তন শেয়ারহোল্ডার, কর্মচারী, অংশীদার ও গ্রাহকদের স্বার্থ রক্ষা করবে। তার ওপর পরিচালনা পর্ষদের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।
জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছিলেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস। নতুন সিদ্ধান্তের ফলে অন্তর্বর্তীকালীন নেতৃত্বের অবসান ঘটছে। তিনি আবারও প্রধান আর্থিক কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
এদিকে এনভিডিয়ায় ফিরে আসার প্রতিক্রিয়ায় জেনসেন হুয়াং বলেন, নতুন শিল্প বিপ্লবের অগ্রভাগে থাকা একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে পেরে তিনি সম্মানিত। পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন অঙ্গীকার নিয়ে দায়িত্ব গ্রহণের কথাও জানান তিনি।
উল্লেখ্য, ১৯৯৩ সালে আরও দুই বন্ধুর সঙ্গে মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত চিপ তৈরির মাধ্যমে বিশ্ব প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।