মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি দমন-পীড়নের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার গোটা ভারতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি।
দলটি জানিয়েছে, তাদের সমর্থক, শিক্ষার্থী, ছাত্রসংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে দেশের বিভিন্ন শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সিজেপির দাবি, দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদেই এ দেশব্যাপী কর্মসূচির আয়োজন।
বিক্ষোভ কর্মসূচির জন্য স্থানীয় আয়োজকদের কাছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, প্রচারসামগ্রী এবং স্মারকলিপির খসড়াও পাঠিয়েছে সংগঠনটি। পরিকল্পনা অনুযায়ী, অংশগ্রহণকারীরা নির্ধারিত স্থানে সমবেত হয়ে শিক্ষার্থীদের দাবি তুলে ধরবেন, আন্দোলনে আহতদের প্রতি সংহতি জানাবেন এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করবেন।
অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, ‘চলো সংসদ’ মার্চ চলাকালে বিক্ষোভকারীদের একটি অংশ সহিংস হয়ে ওঠে এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি পুলিশ সদস্যদের ওপরও হামলা চালায়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, গত ২০ জুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহির দাবিতে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলন শুরু হয়। পরে আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। এরপর থেকেই আন্দোলন দেশজুড়ে আরও বিস্তৃত হতে থাকে। দেশব্যাপী এই কর্মসূচিকে ঘিরে বিভিন্ন রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতের কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসন।