শিরোনাম

তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ছবি: সংগৃহীত
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ছবি: সংগৃহীত

আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কর্মকর্তাদের কারিগরি ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজনে ‘ন্যাশনাল ইউনিভার্সিটি অফিসিয়ালসের কারিগরি ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ১৮৩ জন কর্মকর্তাকে সনদ দেওয়া হয়। ভাইস-চ্যান্সেলর বলেন, আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় পেপারলেস হচ্ছে। ডি-নথিতে যারা মাস্টার ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। পুরোনো নথিগুলো আর্কাইভে নেওয়া হবে এবং দাপ্তরিক কাজে ডি-নথির ব্যবহার আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজেও পরিবর্তন আনতে হবে। কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগাতে পারলে দাপ্তরিক কাজের গতি বাড়ার পাশাপাশি স্বচ্ছতাও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ্ ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন। প্রশিক্ষণ সম্পন্ন করা কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন ভাইস-চ্যান্সেলর ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। কলেজ পরিদর্শক ভারপ্রাপ্ত নাজিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক ভারপ্রাপ্ত মুহাম্মদ কামাল হাছানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL