গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বহু ত্যাগ-তিতিক্ষা ও রক্তের বিনিময়ে একটি ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। ভগ্নস্তূপ থেকে দেশকে দ্রুত পুনর্গঠনের চেষ্টা করছে সরকার।
গণতন্ত্র রক্ষার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকার ও বিরোধী দলের প্রধান দায়িত্ব হবে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা। একইসঙ্গে জাতীয় সংসদকে কার্যকর করার ওপরও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। তবে আলাপ-আলোচনার মাধ্যমে এসব দ্বিমত সমাধান করা সম্ভব।
মির্জা ফখরুল বলেন, অতীতে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে। এখন দেশের পুনর্গঠন ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য নতুন লড়াই করতে হবে। একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সত্যিকার অর্থে বাসযোগ্য দেশ গড়ে তোলার দায়িত্ব সবার। তিনি আরও বলেন, দেশের মানুষ বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং বিভিন্ন সময়ে বাধার মুখে পড়েছে। এবার যে সুযোগ এসেছে তা অবহেলায় হারানো যাবে না।
সিলেটের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা এসব সমস্যা নিয়ে কথা বলছেন এবং কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ এসব উদ্যোগের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে।