এশিয়ান গেমস হকির প্রস্তুতির জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ২৪ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। ৩৯ বছর বয়সী জিমি গত ৩১ জুলাই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছিলেন। সেখান থেকেই মঙ্গলবার ২৪ জনকে বাছাই করা হয়। তবে এই দলই চূড়ান্ত নয়। ফেডারেশন সূত্রে জানা গেছে, আগামী ১০ আগস্ট প্রাথমিক দল কমিয়ে ২০ জন করা হবে। এরপর ১২ আগস্ট জার্মানিতে যাবে বাংলাদেশ দল। সেখানে প্রায় এক মাসের প্রস্তুতি ক্যাম্প করবে পিটার গেরহার্ডের দল।
জার্মানিতে প্রস্তুতি ক্যাম্প চলাকালে দেশটির শীর্ষ ও দ্বিতীয় সারির বিভিন্ন দলের বিপক্ষে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। দীর্ঘ ১৭ মাস পর জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে ফিরেছেন রাসেল মাহমুদ জিমি। এর আগে বয়সের কারণ দেখিয়ে তৎকালীন হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি তাকে জাতীয় দল থেকে বাদ দিয়েছিল। তবে মাঠের পারফরম্যান্স কিংবা ফিটনেস—কোনোটিতেই বড় কোনো ঘাটতি ছিল না জিমির। ২০২৪ সালের এপ্রিলে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার হকি লিগে মোহামেডানের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন এই অভিজ্ঞ খেলোয়াড়।
এরপর গত বছরের এশিয়ান হকি ফেডারেশন কাপের দল গঠনের সময় কুপার টেস্টের জন্য খেলোয়াড়দের ডাকা হলেও জিমিকে সেই পরীক্ষায়ও ডাকা হয়নি। তবে গত ১৮ জুলাই গঠিত হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে জায়গা পান জিমি। এরপরই সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্পে ডাক পান তিনি। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা রাসেল মাহমুদ জিমি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে সর্বশেষ তাকে দেখা গেছে ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে ওমানের বিপক্ষে ম্যাচে। এশিয়ান গেমসে ভালো ফল করতে অভিজ্ঞ জিমির প্রত্যাবর্তন বাংলাদেশ দলের জন্য বাড়তি শক্তি যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রাথমিক দলে থাকা ২৪ খেলোয়াড় হলেন—রাসেল মাহমুদ জিমি, পুষ্কর খীসা, আমিরুল ইসলাম, বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান, হুজাইফা হোসেন, রেজাউল করিম, মেহরাব হাসান, রোমান সরকার, ফজলে হোসেন, আবেদ উদ্দিন, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম, খালেদ মাহমুদ, আমান শরিফ, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম ও রাকিবুল হাসান। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসকে সামনে রেখে জার্মানির প্রস্তুতি ক্যাম্প ও ১৬টি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।